চিকিৎসা না পেয়ে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু, বিক্ষোভে উত্তাল বাগান!

মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানে চিকিৎসা সহায়তা না পেয়ে অন্তঃসত্ত্বা এক চা শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে দেওরাছড়া চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দেওরাছড়া চা বাগানের স্থায়ী শ্রমিক ছাব্বির মিয়ার স্ত্রী, চা শ্রমিক রিয়া বেগম অন্তঃসত্ত্বা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। তার পরিবার বাগান ব্যবস্থাপকের কাছে চিকিৎসা সহায়তা চেয়েও পাননি বলে অভিযোগ।
দীর্ঘ চিকিৎসার পর গতকাল মধ্যরাতে সিলেট একটি হাসপাতালে রিয়া বেগম মারা যান। বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে— এমন অভিযোগ এনে বৃহস্পতিবার সকাল থেকে চা শ্রমিকেরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ শুরু করেন।
এই বিক্ষোভে চা শ্রমিক ইউনিয়ন নেতারাও যোগ দেন। আন্দোলনকারী চা শ্রমিকদের অভিযোগ, তারা বাগান ব্যবস্থাপকের কাছে সাহায্য চাইলেও তা পাননি। ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং তারা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।





