গণমাধ্যমে ‘তথ্য সন্ত্রাসীদের’ মুখোশ খুললেন মঞ্চ ২৪! কাদের সরিয়ে দেওয়া হবে?

দীর্ঘ ১৭ বছর ধরে গণমাধ্যমকে ব্যবহার করে তথ্য সন্ত্রাসের সঙ্গে জড়িত সাংবাদিকদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে মঞ্চ ২৪। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ‘ফ্যাসিবাদ মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের’ দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী দুঃশাসনের ১৭ বছরে গণমাধ্যমে যে পরিমাণ তথ্য সন্ত্রাস আমরা দেখেছি, সেই বিষয়ে সরকার কী ব্যবস্থা নিচ্ছে – এই প্রশ্নটিই আজকের সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য।
তিনি অভিযোগ করেন, বিগত সময়ে ক্ষমতাসীনদের ছত্রছায়ায় একটি অপ-সাংবাদিকতা সিন্ডিকেট তৈরি করা হয়েছে, যারা সাংবাদিকতার নামে মিথ্যাচার, চরিত্রহনন এবং বিভ্রান্তি ছড়ানোর কাজে লিপ্ত ছিল। এই চক্র গণমাধ্যমকে জনগণের কণ্ঠস্বর থেকে সরিয়ে ক্ষমতার প্রচারযন্ত্রে পরিণত করেছিল। তথ্যকে ব্যবহার করা হয়েছে অস্ত্র হিসেবে – চালানো হয়েছে নগ্ন ‘তথ্য সন্ত্রাস’। সত্যকে চাপা দেওয়া হয়েছে, মিথ্যাকে প্রতিষ্ঠিত করা হয়েছে, আর ভিন্নমতকে নির্মমভাবে দমন করা হয়েছে।
বিভিন্ন অনলাইন পোর্টাল ও পডকাস্ট চ্যানেল তৈরি করে কালচারাল ফ্যাসিস্ট, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বেশ কয়েকজন সাংবাদিকের নাম উল্লেখ করে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান।
মঞ্চ ২৪-এর পাঁচটি মূল দাবি হলো:
১. অপ-সাংবাদিকতা ও তথ্য সন্ত্রাসে জড়িত সকল ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে অবিলম্বে জবাবদিহিতা ও বিচারের আওতায় আনা।
২. গণমাধ্যমের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ ও প্রভাবের সকল পথ বন্ধ করা।
৩. সাংবাদিকদের ওপর হয়রানি ও নিপীড়ন বন্ধ এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করা।
৪. গণমাধ্যমের ভেতরে লুকিয়ে থাকা দখলদার ও স্বার্থান্বেষী চক্রকে অপসারণ।
৫. প্রকৃত স্বাধীন, নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা।
৬. জনগণের জানার অধিকার নিশ্চিত করতে তথ্যপ্রবাহ সম্পূর্ণ উন্মুক্ত করা।





