বাগদাদে চরম উত্তেজনা! যেকোনো মুহূর্তে হামলা, দূতাবাস ছাড়ার নির্দেশ!

ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বড় ধরনের হামলার আশঙ্কা করা হচ্ছে। ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো এই হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে মার্কিন দূতাবাস। দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, মিলিশিয়া গোষ্ঠীগুলো রাজধানীর কেন্দ্রীয় এলাকায় আক্রমণ চালানোর পরিকল্পনা করছে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় মার্কিন নাগরিক, ব্যবসাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, হোটেল, বিমানবন্দর এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত স্থান রয়েছে। এছাড়াও, ইরাকের সরকারি প্রতিষ্ঠান ও সাধারণ বেসামরিক লোকজনেরাও হামলার ঝুঁকিতে থাকতে পারেন। অতীতে এই মিলিশিয়া গোষ্ঠীগুলো মার্কিন নাগরিকদের অপহরণের চেষ্টা করেছে এবং সম্প্রতি বাগদাদে এক মার্কিন সাংবাদিক অপহৃত হওয়ার ঘটনা উদ্বেগের জন্ম দিয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের অবিলম্বে ইরাক ত্যাগ করার জরুরি নির্দেশ দিয়েছে।





