আইন মেনে লিফটে চড়লেন মন্ত্রী, অবাক সচিবালয়ের সকলে!

আইন ও নিয়ম মেনে চলার গুরুত্ব বোঝাতে ব্যতিক্রমী নজির গড়লেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে প্রবেশের সময় তিনি লিফটে ওঠার জন্য অন্য সবার মতো লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। মন্ত্রীর এই সাধারণ কিন্তু তাৎপর্যপূর্ণ আচরণে অবাক হন উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা।
মন্ত্রণালয়ে প্রবেশকালে মন্ত্রী বলেন, “ছোট ছোট বিষয়ে আইন মেনে চললে দেশ এমনিতেই বদলে যাবে। নিয়ম-শৃঙ্খলা মানার সংস্কৃতি তৈরি হলেই দেশে পরিবর্তন আসবে, জন্ম নেবে উন্নত ও দায়িত্বশীল সমাজ।” তিনি আরও জানান, সরকারি দপ্তরে কর্মরত সকলের জন্য নিয়ম মেনে চলা জরুরি, এতে কর্মপরিবেশ সুশৃঙ্খল হবে এবং জনসেবার মান বাড়বে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মন্ত্রীর এই উদ্যোগ সরকারি দপ্তরে প্রচলিত ভিন্ন সংস্কৃতির বিপরীতে এক নতুন বার্তা দিয়েছে। অনেকেই এটিকে প্রশাসনে শৃঙ্খলা ও সমতার সংস্কৃতি জোরদারের সহায়ক হিসেবে দেখছেন। ঊর্ধ্বতন পর্যায় থেকে এমন আচরণিক পরিবর্তন শুরু হলে তা দ্রুত ছড়িয়ে পড়বে এবং কর্মক্ষেত্রে সমতা, দায়বদ্ধতা ও সম্মানবোধ বাড়াবে বলে আশা করছেন তারা।





