হামের প্রকোপে দেশজুড়ে আতঙ্ক! স্কুল বন্ধের দাবিতে হাইকোর্টে রিট, যা বললেন আইনজীবী

দেশজুড়ে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ায় স্কুল বন্ধ রাখার নির্দেশনার দাবিতে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। পাশাপাশি, হামে অন্তত ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আবেদনও করা হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সুপ্রিমকোর্টের আইনজীবী লতিফ জাহান পূর্ণিমা এই রিট আবেদনটি জমা দেন।
রিট আবেদনে স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবার কল্যাণ বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট কয়েকটিD কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। আবেদনে হামে মৃত্যুর সংখ্যা, সংক্রমণের হার, টিকাদানের প্রকৃত হার, টিকার প্রাপ্যতা এবং এই রোগ প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলো নিয়ে বিস্তারিত প্রতিবেদন আদালতে দাখিল করার নির্দেশনা চাওয়া হয়েছে।
এছাড়াও, টিকাদান কর্মসূচির আওতা বাড়াতে ব্যর্থতা, টিকার ঘাটতি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে বিলম্বের কারণ খুঁজে বের করার জন্য একটি পূর্ণাঙ্গ, স্বাধীন এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত পরিচালনার জন্য আদালতের কাছে নির্দেশনা প্রার্থনা করা হয়েছে। এই রিট আবেদনের ফলে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।





