তেলের দোকানে অতিরিক্ত দামে বিক্রির প্রতিবাদ করায় প্রাণনাশের চেষ্টা! আহত দুই ছাত্রদল নেতা

লক্ষ্মীপুরে এক তেল ব্যবসায়ীর দোকানে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই ছাত্রদল নেতা। তাদের বেদম মারধর করা হয়েছে এবং মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তারা বর্তমানে জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন।
ঘটনাটি ঘটে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকার তোফায়েল আহমেদের তেলের দোকানে। আহত ছাত্রদল নেতা এমদাদুল হক ইমন দালাল বাজার ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং আল-আমীন হোসেন রুদ্র উত্তর হামছাদি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব।
প্রত্যক্ষদর্শী ও আহতদের ভাষ্যমতে, বেলা ১১টার দিকে ইমন দোকানে তেল কিনতে যান এবং অতিরিক্ত দাম দেখে দোকানের মালিক তোফায়েলের সঙ্গে কথা বলেন। এ সময় তোফায়েলের ছেলে জিহাদ ও তার অনুসারীরা এসে ইমনকে মারধর করে। তাকে বাঁচাতে গেলে রুদ্রকেও তারা একইভাবে মারধর করে।
অভিযোগের বিষয়ে দোকানদার তোফায়েলের ছেলে জিহাদ জানান, তারা নিয়ম মাফিক তেল বিক্রি করছেন এবং ইমন বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল।
এলাকার ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, তিনি ঘটনার সময় একটি বৈঠকে ছিলেন এবং পরে একটি ফোন পেয়ে নিশ্চিত হন যে একটি ছেলেকে ধাওয়া করা হচ্ছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ঝলক মোহন্ত জানিয়েছেন, তিনি বিষয়টি অবগত নন এবং কোনো অভিযোগও পাননি।





