সাবেক ইউপি সদস্যের লাশ মেঘনায়, ৫ মামলার আসামির কেন এই পরিণতি?

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদী তীরবর্তী ধরাভাঙ্গা গ্রামের এমপি টিলা থেকে সাবেক এক ইউপি সদস্যের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে এই লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডটি পূর্ব শত্রুতার জের ধরে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত আমীর হোসেন (৪০) নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। তিনি দিগল্যাকান্দি (বদলবাড়ি) গ্রামের মতিউর রহমানের ছেলে। আমীর হোসেন পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন।
নিহতের ভাই বকুল মিয়া জনতা টাইমসকে জানান, বুধবার সন্ধ্যায় আমীর হোসেনের বাড়িতে আসার কথা ছিলো। তাঁর অভিযোগ, বাড়িতে আসার পথে প্রতিপক্ষের লোকজন তাকে অপহরণ করে নদীতে নিয়ে নির্মমভাবে হত্যা করে। পরদিন ফেসবুকে লাশের ছবি দেখে নবীনগর থানায় এসে তারা তার ভাইকে শনাক্ত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জনতা টাইমসকে জানান, উদ্ধার হওয়া লাশের মাথা, হাত-পা ও শরীরের বিভিন্ন অংশে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে এটি পূর্ব বিরোধের জের ধরে সংঘটিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ওসি আরও জানান, নিহত আমীর হোসেনের বিরুদ্ধে রায়পুরা থানায় মোট ৫টি মামলা চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।





