হঠাৎ দেশে যা ঘটল! ৬৪ জেলায় বিশ্বমানের প্রশিক্ষণের দুয়ার খোলা

‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় আনুষ্ঠানিকভাবে তিন মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কার্যক্রম শুরু করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
এই প্রকল্পের মূল লক্ষ্য হলো তরুণদের আধুনিক দক্ষতা দিয়ে আত্মনির্ভরশীল করে তোলা। প্রশিক্ষণার্থীদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং, বেসিক ইংলিশ, ডিজিটাল মার্কেটিং, সফট স্কিল, স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিংয়ের মতো বিষয়গুলোতে মোট ৬০০ ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হবে। অংশগ্রহণকারীরা দৈনিক ৮ ঘণ্টা করে সময় দেবেন।
প্রকল্পের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর মেয়াদে ৩৭৩ কোটি ৭৭ লক্ষ ২৩ হাজার টাকা ব্যয়ে ৩৬ হাজার জনকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত ৫টি পর্যায়ে মোট ১৪ হাজার ৪০০ জন প্রশিক্ষণ শেষ করেছেন, যাদের মধ্যে প্রায় ৬০ শতাংশ বা ৮ হাজার ৬৪০ জন দেশি ও বিদেশি মার্কেটপ্লেসে কাজ করে প্রায় ২২ কোটি ৭০ লাখের বেশি টাকা উপার্জন করেছেন। এই প্রশিক্ষণ কর্মসূচিতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী এবং ন্যূনতম এইচএসসি পাস যুবরা অংশ নিতে পারছেন। তাদের জন্য যাতায়াত ভাতা, খাবার এবং প্রশিক্ষণ উপকরণ সরবরাহ করা হচ্ছে।





