শ্যামপুরে স্টিল মিলে ভয়াবহ আগুন! দগ্ধ ৮, যা ঘটল সকালে

রাজধানীর কদমতলী থানার শ্যামপুর এলাকায় একটি স্টিল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ মে) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে লোহা গলানোর কাজ করার সময় আট শ্রমিক দগ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মী মো. শহিদুল ইসলাম জানান, ঢাকা ম্যাচ এলাকার আরএমএম স্টিল মিল কারখানায় লোহার গলানোর কাজ চলছিল। হঠাৎ আগুনের একটি বড় গোলা ওপরের দিকে উঠে আট শ্রমিককে দগ্ধ করে। দ্রুত সহকর্মীরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধ আট শ্রমিকের মধ্যে মো. হিরার ১৭ শতাংশ, মো. খলিলুর রহমানের ৯ শতাংশ, মো. রজব আলীর ৪ শতাংশ, মতিউর রহমানের ১০ শতাংশ, মো. আরশেদ মিয়ার ১১ শতাংশ, মো. লিটন মিয়ার ৭ শতাংশ, মো. মানিক মিয়ার ৪০ শতাংশ এবং ইউসুফ মিয়ার ৫ শতাংশ পুড়ে গেছে। মো. হিরা ও মো. মানিক মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি ছয়জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।





