মোংলায় খেয়া পারাপারের সময় এ কী ঘটল! দুই শতাধিক শ্রমিক আহত, এলাকায় হুলস্থুল

বাগেরহাটের মোংলায় খেয়া পারাপারের সময় অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই শতাধিক শ্রমিক আহত হয়েছেন, যা মোংলা ইপিজেডে কর্মরত শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। বুধবার সকালে কর্মস্থলে যাওয়ার জন্য নদী পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, অতিরিক্ত যাত্রীর চাপ এবং বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে ধাক্কাধাক্কিতে অনেক শ্রমিক নদীতে পড়ে যান। তাদের মধ্যে গুরুতর আহত হন অনেকেই। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খেয়া পারাপারে অব্যবস্থাপনা, অতিরিক্ত যাত্রী চাপ এবং নিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত নিরাপদ পারাপারের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। শ্রমিকরা বলেন, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে তাদের নদী পার হতে হয়। এত বড় দুর্ঘটনার পরও কর্তৃপক্ষের কোনো স্থায়ী সমাধান নেই।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক শারমীন আক্তার সুমি জানান, ঘটনার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, পারাপার ব্যবস্থাপনা উন্নত করতে এবং শৃঙ্খলা আনার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে, দ্রুত নিরাপদ পারাপারের স্থায়ী সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।





