হঠাৎ রক্তে ভাসলো রাজপথ! ঢাকা-চট্টগ্রামে এক দিনে ৬ প্রাণহানি

দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুধবার ঘটে গেছে এক ভয়াবহ ঘটনা। কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা এবং নিমসায় পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয়জন। আহত হয়েছেন আরও ৬ জন। বুধবার ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টার মধ্যে এমন চারটি দুর্ঘটনা ঘটে, যা মহাসড়কটিতে শোকের ছায়া নামিয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি বারোপাড়া এলাকায় একটি বেপরোয়া বাস সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান আব্দুল বারেক (৫৩) এবং মোস্তফা (৫২)। তারা দুজনেই দাউদকান্দি উপজেলার বাসিন্দা ছিলেন।
একইভাবে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে বুড়িচংয়ের নিমসার বাজার সংলগ্ন ইউটানে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তিনজন। তারা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ থানার জহিরুল ইসলাম (২৭), মেহেরপুরের সোহেল রানা (৩৫), এবং চান্দিনার বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র তাইম।
অপরদিকে, মহাসড়কের চৌদ্দগ্রামে বাসচাপায় আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। তবে নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দাউদকান্দি আমিরাবাদ হাইওয়ে পুলিশের ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, বেপরোয়া বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মমিন বলেন, বুড়িচং নিমসার এলাকায় আরেকটি দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনাগুলো মহাসড়কে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।





