চট্টগ্রাম বিভাগ

জ্বালানি নেই, বোরো ধান নিয়ে বিপাকে কৃষক! যা হচ্ছে রামগঞ্জে?

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় তীব্র জ্বালানি সংকটে চলতি বছরের বোরো ফলন অনিশ্চিত হয়ে পড়েছে। অনিয়মিত ডিজেল ও বিদ্যুৎ সরবরাহের কারণে জমিতে সময়মতো পানি সেচ দেওয়া যাচ্ছে না। ফলে ইরি ও বোরো উৎপাদনে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অনেক কৃষক সেচ পাম্প চালানোর জন্য প্রয়োজনীয় ডিজেল পাচ্ছেন না, যার ফলে জমিতে দেখা দিচ্ছে পানির তীব্র সংকট। কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, এটি এ বছর ধানের ফলনে বিরূপ প্রভাব ফেলবে।

স্থানীয় কৃষকরা জানান, সময়মতো জমিতে পানি না পেলে বোরো ধানের ফলন অনেকাংশে কমে যায় এবং ফসল চিটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু বর্তমান জ্বালানি সংকটের কারণে তারা নির্ধারিত সময়সূচি অনুযায়ী সেচ দিতে পারছেন না। অনেকে বাধ্য হয়ে চড়া দামে ডিজেল কিনছেন, যা তাদের উৎপাদন খরচ প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে।

রামগঞ্জের কৃষক শামসুল আলম বলেন, “আগে নির্দিষ্ট দামে সহজেই ডিজেল পাওয়া যেত, কিন্তু এখন দুই-তিনগুণ টাকা দিয়েও সময়মতো ডিজেল পাওয়া যাচ্ছে না। এতে আমাদের চাষাবাদ হুমকির মুখে পড়েছে।”

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রামগঞ্জে ৩ হাজার ৯১০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। তবে জ্বালানি সংকট অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ছাব্বির আহমেদ বলেন, “কৃষকদের সমস্যার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button