জাতীয়
হঠাৎ ২১ শিশুর মৃত্যু! দেশে এ কোন রোগের উদ্বেগজনক প্রাদুর্ভাব?

ভাইরাসজনিত রোগ হামের প্রাদুর্ভাব দেশে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি মাসেই অন্তত ২১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বিভিন্ন জেলার হাসপাতালে প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছে। এতে শিশুদের স্বাস্থ্য নিয়ে অভিভাবকদের মধ্যে বাড়ছে তীব্র শঙ্কা। স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, পাবনা, যশোর ও নাটোরে সংক্রমণের হার সবচেয়ে বেশি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ শিশু, ময়মনসিংহে তিনজন, রাজধানীর সংক্রামক রোগ হাসপাতালে তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে পরীক্ষায় আক্রান্ত শিশুদের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যথাযথ সতর্কতা অবলম্বন না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে এবং এটি মহামারির আকার ধারণ করতে পারে।





