বিএনপি মহাসচিবের কণ্ঠে পুরনো দিনের আক্ষেপ, যা বললেন ফখরুল!

রাজধানীর ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোনালেন তার পুরনো দিনের কথা। তিনি বলেন, “আবার মোহামেডান-আবাহনীর সেই হারানো জৌলুস ফিরে পেতে চাই।” এক সময়কার তুমুল প্রতিদ্বন্দ্বিতার আবাহনী-মোহামেডান ম্যাচ ঘিরে যে উন্মাদনা তৈরি হতো, তা এখন আর দেখা যায় না বলে আক্ষেপ করেন তিনি।
অনুষ্ঠানে মির্জা ফখরুল ছাড়াও মন্ত্রিপরিষদের একাধিক সদস্য, ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক উপস্থিত ছিলেন। তিনি বলেন, মোহামেডান ক্লাব বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ, যা ফুটবল, ক্রিকেট ও হকির গৌরবোজ্জ্বল মুহূর্তের সাক্ষী। বিএনপি মহাসচিব আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনায় ক্রীড়াবিদদের জন্য মাসিক ভাতা চালু করা হয়েছে, যা বর্তমান ও ভবিষ্যৎ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও মোহামেডানসহ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সব ক্লাবকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।





