মাওলানা মাদ্রাসায় যায়নি যমজ দুই ভাই! ৩ দিনেও মিলল না খোঁজ, কোথায় গেল তারা?

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নিখোঁজ সেই যমজ দুই ভাই। গত তিন দিন ধরে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ দুই শিশুর নাম রাসেল রানা (১১) ও রাশেদুল ইসলাম (১১)। তারা শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার সকালে তারা বাড়ি থেকে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু শেরনগর এলাকায় পৌঁছানোর পর থেকেই তাদের আর কোনো খোঁজ মেলেনি। তারা না মাদ্রাসা পৌঁছেছে, আর না ফিরে এসেছে বাড়িতে।
আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় মঙ্গলবার দুপুরে বেলকুচি থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ শিশুদের সন্ধান পেলে ০১৮২৭-৪৭০৬৪৮ বা ০১৭৬২-৬৬২৫৭৪ এই নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, নিখোঁজের বিষয়ে জিডি গ্রহণ করা হয়েছে এবং তাদের সন্ধানে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্থানে বার্তা পাঠানো হয়েছে। পুলিশ তাদের খুঁজে বের করতে কাজ করছে। সন্তানদের এই আকস্মিক নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। স্থানীয়দের মাঝেও এ ঘটনায় ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে।





