গণভোটে ‘হ্যাঁ’ বলে এখন কেন এ রায় মানতে চান না? প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন!

জাতীয় সংসদে এক বিস্ময়কর আলোচনা শুরু হয়েছে। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন সংসদে প্রশ্ন তুলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এখন কেন জনগণ রায় মানতে চান না। তিনি বলেন, জনগণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের পক্ষে রায় দিয়েছে। জনগণের এই রায়কে অসাংবিধানিক বলা অত্যন্ত ধৃষ্টতা এবং এটি সংসদকে কলঙ্কিত করার শামিল। গণভোট অধ্যাদেশ সংসদে অনুমোদন হোক বা না হোক, গণভোটকে অবৈধ করার কোনো সুযোগ নেই।
মঙ্গলবার সংসদে অনুষ্ঠিত এক আলোচনায় আখতার হোসেন আরও বলেন, তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী। তিনি ৩০ জানুয়ারি রংপুরে আবু সাঈদের জন্মভূমিতে দাঁড়িয়ে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু আজ তারাই জনগণের রায় মানতে চাইছেন না। এই প্রশ্নটি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রাখতে চাই।
এনসিপির এই সংসদ সদস্য উল্লেখ করেন, আমরা সকলেই জানি কোন প্রেক্ষাপটের মধ্য দিয়ে আজকের এই সংসদে এসেছি। ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। সেই সময়ে বাংলাদেশের সংবিধান কতটা কার্যকর ছিল, তা কি আমরা খতিয়ে দেখেছি? তিনি প্রশ্ন রাখেন, বর্তমান আইনমন্ত্রী তখন অ্যাটর্নি জেনারেল হিসেবে কীভাবে নিয়োগ পেয়েছিলেন? অন্তর্বর্তীকালীন সরকারের শপথের বর্ণনা সংবিধানের কোথাও নেই। আগের সরকার যে পদত্যাগ করেছিল, তার ফর্মুলা কী ছিল? সংসদ ভেঙে দেওয়ার ফর্মুলাটাও কি সংবিধানে বর্ণিত ছিল? সে সময় সংবিধান অনুযায়ী কিছুই হয়নি, বরং জনগণের অভিপ্রায় ব্যক্ত হয়েছিল নতুন এক বাংলাদেশের প্রত্যয়ে।
আখতার হোসেন আরও বলেন, অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল রাষ্ট্র কাঠামো সংস্কার করা। সেই লক্ষ্যে ঐকমত্য কমিশন গঠিত হয়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, জোনায়েদ সাকি, নুরুল হক নূর, শাহাদাত হোসেন সেলিমসহ অনেকেই উপস্থিত ছিলেন। তারা জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে আলোচনা করেছিলেন। কিন্তু সংসদে এসে তারা কেন সেই আলোচনা ভুলে গেলেন, তা তিনি জানতে চান। তিনি প্রশ্ন তোলেন, আপনারা কি আবার আগের মতো নুরুল হুদার মতো একজনকে নির্বাচন কমিশনার বানাতে চান? বা ২০০১-২০০৬ সময়ে কে এম হাসানের মতো একজনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চেয়েছিলেন? ১৭ বছর বাংলাদেশকে সেই মাশুল গুনেতে হয়েছে। আপনারা সেই ইতিহাস ভুলে গেছেন, যা অত্যন্ত দুঃখজনক।





