মধ্যপ্রাচ্য যুদ্ধের আবহে ভারত যাচ্ছেন মন্ত্রী, যা নিয়ে চলছে তোলপাড়!

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশছোঁয়া। এই উত্তেজনার মধ্যেই আগামী ৭ এপ্রিল ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সরকার গঠনের পর এটি কোনো মন্ত্রীর প্রথম বিদেশ সফর। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য নিশ্চিত করেছে।
সফরে জ্বালানি আমদানি এবং পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে, গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন এবং ভারত থেকে আরও বেশি জ্বালানি, বিশেষত ডিজেল আমদানির বিষয়ে জোর দেওয়া হতে পারে। এছাড়াও, জাতিসংঘের সাধারণ পরিষদের ২০২৬-২৭-এর সভাপতি পদের জন্য বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমানের জন্য ভারতের সমর্থন চাইবেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৮ এপ্রিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে বৈঠক করবেন। জ্বালানি প্রতিমন্ত্রী হরদীপ পুরির সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ প্রায় শেষ হওয়ার পথে, তাই এই চুক্তি নবায়ন নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।





