ইরান যুদ্ধ যেন এক দানব! মাসে ১১১ বিলিয়ন ডলারের ভস্মীভূত অর্থনীতি!

বর্তমান বিশ্বের অন্যতম প্রধান সংকট—জ্বালানি তেলের দাম এক মাসে আকাশ ছুঁয়েছে। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধিজনিত কারণে বৈশ্বিক অর্থনীতিতে প্রায় ১১১ বিলিয়ন বা ১১ হাজার ১০০ কোটি ডলারের এক বিশাল ক্ষতি হয়েছে বলে পরিবেশ সংস্থা ৩৫০ ডট অর্গ’র এক বিশ্লেষণে উঠে এসেছে। এই তথ্যের পর বিশ্বজুড়ে ভোক্তা ও ব্যবসায়িক খাতে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
পরিবেশ সংস্থাটির মতে, এই সংকটের সুযোগ নিয়ে শেভরন, শেল ও এক্সন মোবিলের মতো বড় কোম্পানিগুলো বিলিয়ন ডলারের অতিরিক্ত মুনাফা লুটে নিতে পারে। এই লোকসান সামাল দিতে এবং দাম বৃদ্ধির প্রভাব কমাতে কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর বসানো যেতে পারে বলে সংস্থাটি পরামর্শ দিয়েছে। তবে, এই হিসাবের মধ্যে সারের দাম বৃদ্ধি ও খাদ্যপণ্যের মতো অন্যান্য যে পরোক্ষ প্রভাবগুলো রয়েছে, তা অন্তর্ভুক্ত করা হয়নি। অর্থাৎ, প্রকৃত অর্থনৈতিক ক্ষতি এই ১১১ বিলিয়ন ডলারের চেয়েও অনেক বেশি হতে পারে!
এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ বিকল্প ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছে। ফিলিপাইনের আইনপ্রণেতারা জ্বালানি তেল কোম্পানিগুলোর অতিরিক্ত লাভ সীমিত করার জন্য একটি উইন্ডফল কর প্রস্তাব করেছেন। ভারতও জ্বালানি তেলের রপ্তানির উপর পুনরায় উইন্ডফল কর চালু করেছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জ্বালানি স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ১০০ গিগাওয়াট সৌরশক্তি স্থাপনের ওপর জোর দিয়েছেন। ৩৫০ ডট অর্গ মনে করে, নবায়নযোগ্য খাতে বিনিয়োগই পারে জ্বালানির দামে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং এই বৈশ্বিক সংকট থেকে উত্তরণে সহায়তা করতে।





