কাশ্মীরের নেত্রীর যাবজ্জীবন! দেশজুড়ে তোলপাড়, যা বললেন মহিলা মজলিস

দিল্লির আদালত কর্তৃক কাশ্মীরের স্বাধীনতাকামী নারী নেত্রী সৈয়দা আছিয়া আন্দ্রাবি এবং তাঁর দুই সহকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস। অবিলম্বে তাঁদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের সভানেত্রী নাসরিন কাদের ও সাধারণ সম্পাদিকা রায়হানা লোপা বলেন, ভারত সরকার কাশ্মীরী জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার হরণ করে অত্যাচার চালাচ্ছে, যা নারী-শিশুদের ওপরও বিস্তৃত। এই সর্বশেষ নজির হিসেবে তারা আছিয়া আন্দ্রাবি ও তাঁর সহকর্মীদের কারাদণ্ডকে উল্লেখ করেন। ২০০৮ সাল থেকে তিহার কারাগারে বন্দি আছিয়া আন্দ্রাবি, যিনি কাশ্মীরি নারীদের ওপর ভারতীয় নির্যাতনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, তাকে নতুন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর স্বামীও একই অভিযোগে ২৯ বছর ধরে বন্দি। বিশ্বজুড়ে নারী সংগঠনগুলোকে ভারতের এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।





