হামে আক্রান্ত ২৩! চাঁদপুরে শিশুদের হাসপাতালে, ৩ জনের মৃত্যুতে চাঞ্চল্য

চাঁদপুরে হাম রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এ পর্যন্ত ২৩ জন শিশুকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এই রোগে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন নূরে আলম দ্বীন। তিনি আরও জানান, জেলায় হামে আক্রান্ত শিশুদের জন্য হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ১৭ শিশু, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ শিশু এবং মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ শিশুসহ মোট ২৩ শিশুকে ভর্তি রেখে চিকিৎসা চলছে। জ্বর, সর্দি, কাশি এবং ত্বকে লালচে দাগের মতো উপসর্গ নিয়ে শিশুরা হাসপাতালে আসছে। হামে আক্রান্ত রোগীদের লক্ষণ অনুযায়ী আলাদা আইসোলেশন ওয়ার্ডে রাখা হচ্ছে, তবে পর্যাপ্ত বেডের অভাবে কিছু শিশুকে মেঝেতেও চিকিৎসা নিতে হচ্ছে।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, হামে আক্রান্ত শিশুদের চোখ লাল হয়ে যাওয়া, জ্বর বৃদ্ধি, কাশি হওয়া এবং শরীরে লালচে ছোপ দেখা দেওয়া সাধারণ লক্ষণ। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান জানান, হামে আক্রান্ত শিশুর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।





