ছাত্রদল নেতার মোটরসাইকেল চুরির চেষ্টা! কারাগারে পাঠানোর নির্দেশ

বরিশালের মেহেন্দিগঞ্জে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মোটরসাইকেল চুরির অভিযোগে জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম খানকে অবশেষে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক এই নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে পৌরসভার বদরপুর এলাকার সোহেল তালুকদারের বাড়িতে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল। ওই এলাকার বাসিন্দা তানভির ইসলাম এই মোটরসাইকেলটির মালিক। বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম রাত প্রায় ১টার দিকে ওই মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় টহলরত পুলিশের হাতে তিনি ধরা পড়েন।
জিজ্ঞাসাবাদে জিহাদুলের বক্তব্যে অসংগতি থাকায় মোটরসাইকেলের মালিক তানভির ইসলামকে খবর দেওয়া হয়। তিনি এসে নিশ্চিত করেন যে, তালা ভেঙে মোটরসাইকেলটি চুরি করার চেষ্টা করা হচ্ছিল। তাৎক্ষণিকভাবে পুলিশ জিহাদুলকে মোটরসাইকেলসহ আটক করে।
এই ঘটনায় মোটরসাইকেলের মালিক তানভির ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোটরসাইকেলের মালিক তানভির ইসলাম জানান, ঋণ নিয়ে তিনি এই বাইকটি কিনেছেন এবং ভাড়ায় চালিয়েই তার পরিবারের জীবিকা নির্বাহ করেন। মোটরসাইকেলটি চুরি হয়ে গেলে তার পরিবার চরম বিপদের মুখে পড়ত। পুলিশের দ্রুত পদক্ষেপে গাড়িটি উদ্ধার হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন।
মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি ছাত্রদলের পদে থাকলেও তার বিরুদ্ধে পূর্ব থেকে বিভিন্ন অভিযোগ ছিল। দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থল থেকে হাতেনাতে জিহাদুল ইসলামকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।





