নিউইয়র্কে কি ঘটল রাতে? ১৯ বছরের নিশাতের মৃত্যুতে তোলপাড়

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিশাত জান্নাত (১৯) নামে এক বাংলাদেশির তরুণীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার রাত ১২টার দিকে জ্যাকসন হাইটসের কাছে উডসাইড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত নিশাত নিউইয়র্ক সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি জ্যামাইকায় একটি পার্কিং গ্যারেজে তিনি রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। পুলিশ জানিয়েছে, ময়লার ট্রাকটি রুজভেল্ট অ্যাভিনিউ ধরে পশ্চিমমুখী যাওয়ার সময় ৬২ স্ট্রিটের উত্তরমুখী লেইনে ডান দিকে মোড় নেওয়ার সময় নিশাতকে ধাক্কা দেয়। খবর পেয়ে জরুরি চিকিৎসাসেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত ঘোষণা করেন।
সিলেটের গোলাপগঞ্জের উত্তর ঘরগাঁওয়ের মেয়ে নিশাত দুই ছোট বোন ও এক বড় বোনকে রেখে গেছেন। তার বাবা হেলাল উদ্দিন নিউইয়র্কের উডসাইডে বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। আট বছর আগে তিনি পরিবারের সাথে সুন্দর ভবিষ্যতের আশায় নিউ ইয়র্কে এসেছিলেন। তিনি জানান, মঙ্গলবার বাদ জোহর বায়তুল জান্নাহ মসজিদেই নিশাতের জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর নিউইয়র্কেই তাকে দাফন করা হবে।
দুর্ঘটনার পর ট্রাক চালক, ৩৮ বছর বয়সী এক নারী, ঘটনাস্থলেই ছিলেন এবং সামান্য আঘাতের জন্য চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি। নিউইয়র্ক পুলিশের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনাটি তদন্ত করছে। ট্রাকের মালিক কোম্পানি রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস জানিয়েছে, তারা তদন্তে পুলিশকে সহযোগিতা করছে।





