রাজশাহী বিভাগ
ঈশ্বরদীতে যুবক গ্রেপ্তার: হাতে অস্ত্র, চোখে কি অপরাধের ছায়া?

পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গোলাম রব্বানী (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আটক রব্বানী নাটোরের লালপুর উপজেলার পালিদোহা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ঈশ্বরদী পৌরসভার পিয়ারপুর মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক চলাফেরা করা এক যুবককে অনুসরণ করে পিয়ারপুর কোর্টপাড়া জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তা থেকে আটক করা হয়। তার কাছ থেকে একটি ৮ চেম্বারবিশিষ্ট রিভলভার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি নিজের কাছে রাখা এবং তা বিক্রি ও বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের কথা স্বীকার করেছেন বলে ডিবি পুলিশ জানিয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।





