অর্থনীতি

তিন বছরেই দেশের সেরা ২৫ ব্যাংকের তালিকায় এসবিএসি! যে চমক দেখাল ব্যাংকটি

চতুর্থ প্রজন্মের সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক আগামী তিন বছরের মধ্যে দেশের সেরা ২৫টি ব্যাংকের তালিকায় স্থান করে নিতে চায়। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এস এম মঈনুল কবীর সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, ব্যাংকটি বর্তমানে ৯০টি শাখা, ৩২টি উপশাখা এবং ৭৭টি এটিএম বুথের মাধ্যমে গ্রাহকদের সেবা দিচ্ছে। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ১০টি শাখার মাধ্যমে শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংকিং এবং অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন করছে এসবিএসি ব্যাংক।

ব্যাংকের বর্তমান আর্থিক অবস্থার চিত্র তুলে ধরে এস এম মঈনুল কবীর জানান, এসবিএসি ব্যাংকের মোট আমানত প্রায় ১১ হাজার কোটি টাকা এবং ঋণ ও অগ্রিমের পরিমাণ ৯ হাজার ২৬৫ কোটি টাকা। ঋণ-আমানত অনুপাত (এডিআর) ৮২ শতাংশ, যা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে। ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৬০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৮২৪ কোটি টাকা। ব্যাসেল-৩ অনুসারে মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) ১৪.২২ শতাংশ, যা ব্যাংকটির শক্তিশালী আর্থিক ভিতের প্রমাণ দেয়।

খেলাপি ঋণ প্রসঙ্গে তিনি বলেন, কোভিড পরিস্থিতি এবং রাজনৈতিক আন্দোলনের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাংক খাতের মতো এসবিএসি ব্যাংকেরও খেলাপি ঋণ কিছুটা বেড়েছে। তবে গ্রাহকদের নীতিগত সহায়তা ও ক্ষতিগ্রস্ত ব্যবসা সচল করার মাধ্যমে খেলাপি ঋণ সহনীয় পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা চলছে।

ডিজিটালাইজেশনকে বিশেষ গুরুত্ব দিয়ে এসবিএসি ব্যাংক প্রযুক্তিগত উন্নয়ন করছে, যাতে গ্রাহকরা ঘরে বসেই বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে গ্রাহকদেরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এসবিএসি ব্যাংক বর্তমানে বড় ঋণের তুলনায় সিএমএসএমই এবং অ্যাগ্রোভিত্তিক শিল্প খাতে বেশি গুরুত্ব দিচ্ছে। তাদের মোট ঋণ বিতরণের প্রায় ৩৮ শতাংশ এসএমই খাতে, যা তারা ৫০ শতাংশে উন্নীত করতে চায়। প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছাতে এমএফআই লিংকেজ এবং তৃতীয় পক্ষের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে কাজ করছে ব্যাংকটি।

ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এস এম মঈনুল কবীর বলেন, ব্যাংকটিকে একটি শক্তিশালী ও জনগণের ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য। সাধারণ গ্রাহক এবং এসএমই খাতে বিনিয়োগ ও সেবা আরো বিস্তৃত করার পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে ব্যাংকটিকে দেশের সেরা ২০-২৫টি ব্যাংকের তালিকায় নিয়ে যেতে চান তারা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button