নদীর মাটি চুরির মহোৎসব! বিএনপি-আওয়ামী লীগ নেতাদের চাঁইরা কি চলছে সব?

ফতুল্লায় ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদীর মাটি প্রকাশ্যে বিক্রি হচ্ছে– এমন অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। গ্র্যাব ড্রেজার ব্যবহার করে মাটি উত্তোলনের এই কাজ দীর্ঘদিন ধরে চললেও প্রশাসনের কার্যকর কোনো ভূমিকা নেই। বুড়িগঙ্গার ধর্মগঞ্জ মোহনা ও ধলেশ্বরীর বক্তাবলী ঘাট এলাকায় প্রতিদিন প্রায় দেড় লাখ ফুট মাটি উত্তোলন করে স্থানীয় ইটভাটাগুলোতে বিক্রি করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং বক্তাবলী নৌ পুলিশের একাংশকে ম্যানেজ করেই এই মাটি চুরির মহোৎসব চলছে। সরকারি দলের নেতাদের এই সিন্ডিকেটে আওয়ামী লীগ নেতা মাকসুদুর রহমান বন্টিও জড়িত বলে জানা গেছে, যিনি বিগত সময়েও এই ব্যবসার নিয়ন্ত্রণ করতেন।
এই অপরিকল্পিত মাটি উত্তোলনের ফলে নদীর দুপাশের ফসলি জমি, রাস্তাঘাট এবং গ্রাম ভাঙনের তীব্র ঝুঁকিতে রয়েছে। যেকোন সময় বড় ধরনের ভাঙন দেখা দিতে পারে। স্থানীয়রা জানান, এই অবৈধ মাটি কাটার ফলে নদীর নাব্যতা ও পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মুষ্টিমেয় প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এই কাজ করছে। এতে নদীর দুই তীরের ঘরবাড়ি এবং জনপদ বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম আমিনুল হক জানিয়েছেন, তিনি সম্প্রতি যোগদান করেছেন এবং বিষয়টি শুনেছেন। তিনি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।





