দেশে ইন্টারনেটের ভবিষ্যৎ কি? সরকার যা করল…

দেশের ইন্টারনেট অবকাঠামো শক্তিশালী করতে লাইসেন্সপ্রাপ্ত তিনটি বেসরকারি সাবমেরিন ক্যাবল কোম্পানির কার্যক্রম এবং তাদের গঠিত ‘কনসোর্টিয়ামের বৈধতা’ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক চিঠির পরিপ্রেক্ষিতে সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সামিট, মেটাকোর ও সিডিনেট নামের এই তিনটি প্রতিষ্ঠান লাইসেন্সিং নীতিমালা লঙ্ঘন করে দেশের ডিজিটাল নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে। যেখানে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আলাদা সাবমেরিন ক্যাবল লাইসেন্স দেওয়া হয়েছিল, সেখানে তারা নিজেদের মধ্যে একটি ‘কনসোর্টিয়াম’ গঠন করেছে। এই কনসোর্টিয়াম গঠনের জন্য মন্ত্রণালয় বা বিটিআরসির কোনো পূর্বানুমতি নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া, গঠিত কনসোর্টিয়ামটি সাবমেরিন ক্যাবল লাইসেন্স এবং সরকারি গাইডলাইনের শর্তাবলি যথাযথভাবে পালন করছে কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে।
এই তদন্তের পরিপ্রেক্ষিতে, লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে কোনো অনিয়ম বা শর্তভঙ্গ পাওয়া গেলে তাদের লাইসেন্স বাতিলের মতো কঠোর ব্যবস্থাও নেওয়া হতে পারে। এতে দেশের প্রযুক্তি খাত ও রাষ্ট্রীয় বিনিয়োগ মারাত্মক ঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।





