ফেসবুকে জেলা প্রশাসকের সম্মানহানি? যা ফাঁস হলো রাতে!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ তথ্য প্রচারের অভিযোগে ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। সোমবার (২৯ মার্চ) রাতে এই জিডি নথিভুক্ত হয়, বিষয়টি ছড়িয়ে পড়তেই জেলার গণমাধ্যমকর্মীদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়।
জিডি সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ রাতে জেলা প্রশাসক তার সরকারি বাসভবনে থাকাকালীন ‘লিও সাইফার’ নামক একটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর পোস্ট দেখতে পান। এরপর গত ২৭ মার্চ রাতে ‘বিএনপি মিডিয়া সেল ঝিনাইদহ’ নামক আরেকটি পেজ থেকেও একই ধরনের মিথ্যা তথ্য প্রচার করা হয়। অভিযোগপত্রে জেলা প্রশাসক উল্লেখ করেন, এর আগেও ‘আব্দুল মান্নান স্বপন’ নামে এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে তাকে উদ্দেশ্য করে মানহানিকর পোস্ট করা হয়েছিল। জেলা প্রশাসক ধারণা করছেন, আব্দুল মান্নান স্বপন নামীয় ব্যক্তিই এসব অজ্ঞাতনামা আইডি ব্যবহার করে অথবা অন্যকে দিয়ে এ অপপ্রচার চালাচ্ছেন।
জিডিতে জেলা প্রশাসক আরও উল্লেখ করেন, এই ধারাবাহিক অপপ্রচারের ফলে তার ব্যক্তিগত সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে এবং সরকারি দাপ্তরিক কাজকর্মেও ব্যাঘাত ঘটছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানিয়েছেন, জেলা প্রশাসকের অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নেওয়া হয়েছে। সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় অভিযুক্ত আইডিগুলোর অবস্থান এবং এর পেছনে কারা জড়িত, তাদের শনাক্ত করতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।





