লতিফ সিদ্দিকীর জামিন পাওয়া মামলায় এবার গ্রেপ্তার সাংবাদিক নেতা, যা ঘটল রাতে!

সাংবাদিক নেতা ও বিএনপি’র সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে শাহবাগ থানার একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ডিসেম্বর মাসে নিজ বাসার সামনে থেকে আটকের পর যে মামলায় তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন, সেই মামলায়ই ঈদের আগে জামিনে মুক্ত হওয়ার পর জেল গেট থেকে তাকে ফের গ্রেপ্তার করে পুলিশ। লতিফ সিদ্দিকীসহ আওয়ামী ঘরানার বেশ কয়েকজন গ্রেপ্তার হয়ে যে মামলায় জামিনে রয়েছেন, সেই মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানোর পর কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা। তারা জানান, এই ঘটনার সঙ্গে শওকত মাহমুদের কোনো সম্পর্ক নেই এবং মামলার এজাহারে তার নামও নেই। নতুন মামলায় তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র ও বিকৃতির অভিযোগ আনা হয়েছে। ‘মঞ্চ ৭১’ নামক একটি সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানকে কেন্দ্র করে শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, এ মামলায় শওকত মাহমুদকে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে শওকত মাহমুদকে আদালতে হাজির করা হলে মামলাটির তদন্ত কর্মকর্তা তাকে এই গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। গ্রেপ্তার আবেদন সূত্রে জানা যায়, আসামিরা ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে সমবেত হয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন এবং শওকত মাহমুদ উল্লিখিত ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে প্রাথমিক তদন্তে তথ্য-প্রমাণ পাওয়া গেছে।





