মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন মোড়, ইসরায়েল সফরে মোদিকে স্বাগত জানালেন বিতর্কিত নেতানিয়াহু

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সরকারি সফরে ইসরায়েলে পৌঁছেছেন। বুধবার (২৫ ডিসেম্বর) তার বিমান বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এসময় নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুও উপস্থিত ছিলেন।
এই উচ্চপর্যায়ের সফরে মোদিকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু, তার স্ত্রী এবং মোদিকে হাসিমুখে দেখা যায় এবং তারা পরস্পরকে আলিঙ্গন করেন। পরে নেতানিয়াহু মোদিকে নিয়ে মঞ্চে ওঠেন, যেখানে ইসরায়েলের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
ভারত ও ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। যুদ্ধাপরাধের অভিযোগ মাথায় নিয়ে নেতানিয়াহুর ক্ষমতায় থাকাকালীন মোদির এই সফর মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নতুন বার্তা বহন করছে।
বিমানবন্দরেই মোদি এবং নেতানিয়াহু একটি রুদ্ধদ্বার বৈঠক করবেন। এরপর তারা ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে যাবেন। আজ সন্ধ্যায় সেখানকার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে মোদির ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই সফর দুই দেশের বাণিজ্যিক, সামরিক ও কৌশলগত সম্পর্কে কী প্রভাব ফেলে, সেদিকেই তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল।





