সীমান্ত দিয়ে পাচার হচ্ছে জ্বালানি তেল! জাতীয় সংসদে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানিয়েছেন, সীমান্ত এলাকা দিয়ে কিছু কুচক্রীমহল অবৈধভাবে জ্বালানি তেল পাচার করছে, যা দেশের জ্বালানি সংকটকে আরো ঘনীভূত করছে।
মন্ত্রী সংসদে বলেন, প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি কেনার প্রবণতা এবং অবৈধ মজুতের কারণে কৃত্রিমভাবে সংকট তৈরি হচ্ছে। তিনি আরো জানান, দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকার সঠিক ও সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে এবং বর্তমানে জ্বালানির কোনো ঘাটতি নেই। বরং গত বছরের তুলনায় সরবরাহ বাড়ানো হয়েছে। দেশে দুই লাখ ১৮ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক আছে। এপ্রিল মাসে সরকার ৫০ হাজার মেট্রিক টন অকটেন আমদানির উদ্যোগ নিয়েছে, যা দেশের চাহিদা মেটাতে সহায়ক হবে।
মন্ত্রী উল্লেখ করেন, জ্বালানি মজুতের মানসিকতাই এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সরবরাহ পর্যাপ্ত থাকা সত্ত্বেও মানুষ অতিরিক্ত তেল কিনে ও মজুত করে স্বাভাবিক সরবরাহ ব্যাহত করছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের সহযোগিতা ও সম্মিলিত প্রয়াসে এই সংকট মোকাবেলা করা সম্ভব। বিদ্যুৎ ও জ্বালানির অপচয় রোধ এবং প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটা থেকে বিরত থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।





