লেবাননে কী ঘটছে? চোখের সামনে ২০% মানুষ বাস্তুচ্যুত!

লেবাননে চলমান ভয়াবহ সংঘাতে এক মর্মান্তিক মানবিক সংকট দেখা দিয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, মাত্র তিন সপ্তাহের যুদ্ধে দেশটির মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
সংস্থাটির তথ্যমতে, প্রতিদিন গড়ে প্রায় ১৯ হাজার শিশু তাদের প্রিয় ভিটেমাটি ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছে। লেবাননে ইউনিসেফের প্রতিনিধি মার্কোলুইজি কর্সি সোমবার সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, দক্ষিণ লেবাননের শিশুদের কাছে পৌঁছানো বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক শিশু দুর্গম এলাকায় আটকা পড়েছে, যেখানে পৌঁছানো অত্যন্ত কঠিন।
ইসরাইলি বিমান হামলায় একাধিক সেতু ধ্বংস হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিশেষ করে, দক্ষিণ লেবাননে চলমান অভিযানের অংশ হিসেবে লিটানি নদীর ওপর থাকা বেশ কয়েকটি সেতু ধ্বংস করা হয়েছে, যা মানবিক সহায়তা পৌঁছানোর পথকে আরও কঠিন করে তুলেছে।
অস্থায়ী আশ্রয়কেন্দ্রে থাকা শিশুদের সহায়তা করাও একটি বড় চ্যালেঞ্জ। অনেক শিশু একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে এবং বারবার মানসিক আঘাতের শিকার হচ্ছে। বর্তমানে স্কুলগুলো বন্ধ থাকায়, ইউনিসেফ শিশুদের টিকাদান, চিকিৎসা এবং শিক্ষার বিকল্প হিসেবে ‘লার্নিং হাব’ চালু করার চেষ্টা করছে।
এছাড়াও, বোমাবর্ষণে পানির ট্যাংক ও পাম্পিং স্টেশন ধ্বংস হওয়ায় অনেক এলাকায় নিরাপদ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। হাসপাতাল, সেতু এবং পয়োনিষ্কাশন ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা এই মানবিক সংকটকে আরও বাড়িয়ে তুলেছে।





