পানির ‘ঘোলা’ অবস্থায় চিফ হুইপের পেট খারাপ! যা বললেন তিনি…

সংসদ ভবন এলাকায় দীর্ঘদিনের পানির সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে গত দুই-তিনদিন ধরে নোংরা ও ঘোলা পানি সরবরাহ করা হচ্ছে। এই নোংরা পানি পানের কারণে খোদ চিফ হুইপ নূরুল ইসলাম মনির নিজেরই পেট খারাপ হয়েছে বলে জানিয়েছেন তিনি। সোমবার জাতীয় সংসদে সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি।
চিফ হুইপ জানান, সংসদ ভবন এলাকায় প্রতিদিন প্রায় ১ কোটি লিটার পানির চাহিদা থাকলেও মাত্র ২৭ লাখ লিটার পানি উৎপাদিত হচ্ছে, যা চাহিদার তুলনায় খুবই কম। এই সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে তিনি সরকারকে অনুরোধ করার কথা জানান।
এছাড়া, বৈঠকে সংসদ সদস্যদের আবাসন, নিরাপত্তা, হাসপাতালের জন্য আইসিইউ অ্যাম্বুলেন্স ও লাশবাহী ফ্রিজিং গাড়ি প্রয়োজন, এবং অচল হয়ে পড়া সাউন্ড সিস্টেম সংস্কার বা নতুন করে বসানোর বিষয়েও আলোচনা হয়। সাউন্ড সিস্টেম বিভ্রাট নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী ২ এপ্রিলের মধ্যে জমা দেওয়া হবে বলে জানান তিনি। বিরোধী দলীয় সংসদ সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে চিফ হুইপ বলেন, সংসদে কথা বলার সুযোগ বিরোধী দল পর্যাপ্তই পায় এবং বাজেট অধিবেশনেও তারা সে সুযোগ পাবে।
বৈঠকে সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেম, কেন্টিনের খাবার, সরবরাহ লাইনের পানির মান এবং সংসদ সদস্যদের ব্যবহৃত আসবাবপত্রের গুণগত মান যাচাইয়ের জন্য দুটি সাব-কমিটি গঠন করা হয়েছে। আসন্ন সংসদ সদস্য ভবন আসবাবপত্র কেনাকাটায় অতীতের কোন অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়।





