পুলিশ হত্যার বিচার নিয়ে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, জানলে অবাক হবেন

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিচারের বিষয়ে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে সে বিষয়ে আমরা সর্বসম্মত হয়েছি। সোমবার (৩০ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি অধিবেশনে এই কথা বলেন তিনি।
রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন প্রশ্ন তুলে জানতে চান, জুলাই আন্দোলনের সময় পুলিশের ভূমিকা এবং তাদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ নিয়ে। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের সময় পুলিশ নানা ধরনের হত্যাযজ্ঞে অংশগ্রহণ করেছে, মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন করেছে। সেই বিষয়গুলোতে বিচারবিভাগীয় তদন্তের বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি কোনো পদক্ষেপ গ্রহণ করবে?’
উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাই যোদ্ধাদের ইনডেমনিটি, আইনি এবং সাংবিধানিক সুরক্ষা দেওয়ার বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। এই অঙ্গীকারের প্রেক্ষিতে বিগত ইন্টেরিম গভর্নমেন্টের সময় ‘জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ নামে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে, যা মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে।” তিনি আরও বলেন, “যেসব বিষয়ে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দাবি করছে এই হত্যাকাণ্ডের বিচার করা হবে কি না, আমার প্রশ্ন হলো—তাহলে কি মুক্তিযোদ্ধাদেরও বিচার করা হবে ১৯৭১ সালে রাজাকার হত্যার বিরুদ্ধে?”
এই ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে পুলিশ বাহিনীর ভেতরে তৈরি হওয়া অস্পষ্টতা ও বিশৃঙ্খলা দূরীকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।





