৩০ টাকা বনাম ১৮০ টাকা! তুচ্ছ তর্কে সংঘর্ষে আহত ৩০, এলাকায় তীব্র চাঞ্চল্য!

হবিগঞ্জের লাখাই উপজেলায় মাত্র ৩০ টাকা বনাম ১৮০ টাকার এক তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সুনেশ্বর গ্রামের জালাল মিয়ার দোকান থেকে বাকিতে পণ্য নিয়েছিলেন রওশন মিয়া। জালালের দাবি, রওশনের কাছে তার পাওনা ১৮০ টাকা। তবে রওশনের দাবি, তিনি মাত্র ৩০ টাকা দেনা। এই টাকা পরিশোধের বিষয় নিয়ে সম্প্রতি তাদের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে গ্রামের মাঠে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ মিত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।





