অর্থনীতি

তিন ক্যাবল কোম্পানির বৈধতা নিয়ে তোলপাড়! কোটি টাকার বিনিয়োগ ঝুঁকিতে?

দেশের ইন্টারনেট অবকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে লাইসেন্সপ্রাপ্ত তিনটি বেসরকারি সাবমেরিন ক্যাবল কোম্পানির কার্যক্রম এবং তাদের গঠিত কনসোর্টিয়ামের বৈধতা নিয়ে সরকার তদন্তের নির্দেশ দিয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সামিট, মেটাকোর এবং সিডিনেট নামের এই তিনটি প্রতিষ্ঠান লাইসেন্সিং নীতিমালা লঙ্ঘন করে দেশের ডিজিটাল নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। কারণ, তারা কোনো পূর্বানুমতি ছাড়াই একটি কনসোর্টিয়াম গঠন করেছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, তিনটি প্রতিষ্ঠানকে আলাদাভাবে সাবমেরিন ক্যাবল লাইসেন্স দেওয়া হয়েছিল। তারা নিজেদের মধ্যে যে কনসোর্টিয়াম গঠন করেছে, তার জন্য মন্ত্রণালয় বা বিটিআরসি’র কোনো অনুমোদন নেওয়া হয়েছে কিনা, তা খতিয়ে দেখা দরকার। এছাড়াও, গঠিত কনসোর্টিয়ামটি সাবমেরিন ক্যাবল লাইসেন্স এবং সরকারি গাইডলাইনের শর্তাবলি সঠিকভাবে পালন করছে কিনা, তাও তদন্তের আওতায় আনা হয়েছে।

বিটিআরসি থেকে পাঠানো এক চিঠির প্রেক্ষিতে সরকার এই তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে সাবমেরিন ক্যাবল খাতে সরকারি একচেটিয়া আধিপত্য ভাঙতে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে প্রথমবার তিনটি বেসরকারি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয় বিটিআরসি। লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— সামিট কমিউনিকেশনস লিমিটেড, সিডিনেট কমিউনিকেশনস এবং মেটাকোর সাবকম লিমিটেড।

এই তিন কোম্পানি মিলে পরবর্তীতে ‘বাংলাদেশ প্রাইভেট ক্যাবল সিস্টেম’ নামে একটি কনসোর্টিয়াম গঠন করে। তাদের লক্ষ্য ছিল সিঙ্গাপুরের সাথে ১,৩০০ কিলোমিটার দীর্ঘ একটি সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপন করা, যা দেশের ক্রমবর্ধমান ইন্টারনেট চাহিদা মেটাবে।

তবে, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসলাম হোসেন উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে, এই প্রতিষ্ঠানগুলো লাইসেন্সিং নীতিমালা লঙ্ঘন করে একটি পুরনো এবং অনিরাপদ সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত হওয়ার পরিকল্পনা করছে। এতে দেশের প্রযুক্তি খাত এবং বিএসসিপিএলসি’র বিনিয়োগ মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। তিনি লাইসেন্স বাতিলেরও সুপারিশ করেছেন যদি তারা শর্তাবলী পূরণ করতে ব্যর্থ হয়।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button