হামের টিকা নিয়ে বিশেষ ঘোষণা! ৬ মাসের শিশুকে মিলবে এই সুবিধা

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ার প্রেক্ষিতে সরকার এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে ছয় মাসের শিশুরাও হামের টিকা পাবে। এতদিন নয় থেকে ১৫ মাস বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হতো। তবে বর্তমান পরিস্থিতিতে এই বয়সসীমা কমিয়ে আনার এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী জুনের প্রথম সপ্তাহ থেকে দেশব্যাপী এক মাসব্যাপী বিশেষ হামের টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এই ক্যাম্পেইনের আওতায় প্রায় দুই কোটি শিশুকে টিকার আওতায় আনা হবে। সোমবার (৩০ মার্চ) ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ জানান, বর্তমানে নয় মাস বয়সে শিশুদের হামের প্রথম ডোজ এবং ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। তবে সম্প্রতি সংক্রমণ বৃদ্ধির হার বিবেচনায় নিয়ে এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় বয়সসীমা বাড়ানো হয়েছে। ফলে ছয় মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশুর এই কর্মসূচির মাধ্যমে হামের টিকা নেওয়ার সুযোগ তৈরি হবে।





