একঘরে হয়েও যে দীর্ঘমেয়াদি যুদ্ধে নামছে ইসরাইল? ফাঁস বিস্তারিত!

মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক মোহাম্মদ এলমাসরি এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়লেও ইসরাইল কয়েকটি দেশে সর্বাত্মক সামরিক আগ্রাসন চালানোর মাধ্যমে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক এলমাসরি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এই বিস্ফোরক তথ্য জানান।
এলমাসরি তার মন্তব্যে উল্লেখ করেন, ইসরাইলের সর্বশেষ বাজেটের পরিমাণ দাঁড়িয়েছে ২৭১ বিলিয়ন ডলার, যা দেশটির ইতিহাসে রেকর্ড পরিমাণ। এই বিপুল বাজেট রণাঙ্গনে একাধিক যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছাকেই স্পষ্ট করে। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরাইলকে ৩.৮ বিলিয়ন ডলার সামরিক তহবিল সরবরাহ করে, যা যুদ্ধকালীন সময়ে আরও বাড়ে।
তবে এলমাসরি মনে করেন, ইসরাইলের ভেতরে এই উপলব্ধি তৈরি হচ্ছে যে পরিস্থিতি বদলাচ্ছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পটপরিবর্তন এবং সেদেশের সাধারণ মানুষের একাংশের ইসরাইল-বিরোধিতা তাদের ভাবাচ্ছে। সর্বশেষ বাজেট এটাই ইঙ্গিত দেয় যে, ইসরাইল নিজেকে কোনো যুদ্ধের শেষ পর্যায়ে নয়, বরং যুদ্ধের মাঝামাঝি বা শুরুর দিকেই দেখছে।
গবেষক এলমাসরি আশঙ্কা প্রকাশ করে বলেন, বৃহত্তর ইসরাইল গড়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে ইসরাইল সিরিয়া, লেবানন, ফিলিস্তিনি ভূখণ্ড এবং ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধ বা ধারাবাহিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।





