মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের চোখে ধুলো! কী হারাচ্ছে আমেরিকা?

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সক্ষমতায় বড় ধরনের আঘাত! ইরানের হামলায় সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর অত্যাধুনিক ‘ই-৩ সেন্ট্রি’ রাডার বিমান ধ্বংস হওয়ায় দূর থেকে শত্রু শনাক্ত করার মার্কিন ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সিএনএনের বিশ্লেষণ করা ছবিতে দেখা গেছে, বিমানটির লেজ ভেঙে গেছে এবং এর ওপর থাকা বিশেষ গোলাকার রাডারটি মাটিতে পড়ে আছে। এই রাডার আকাশপথে আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাবেক মার্কিন কর্নেল সেড্রিক লেইটন জানান, এই বিমান ধ্বংস হওয়া যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতার জন্য একটি বড় আঘাত। এর ফলে মার্কিন যুদ্ধবিমান নিয়ন্ত্রণ করা এবং সম্ভাব্য শত্রুর হাত থেকে সেগুলো রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে। দশকের পর দশক ধরে এই রাডার বিমানগুলো মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে আসছে। এটি আকাশ থেকে প্রায় ১ লক্ষ ২০ হাজার বর্গমাইল এলাকা জুড়ে নজরদারি করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের কাছে এমন ১৭টি বিমান রয়েছে, যা তাদের জন্য এক বিরাট শক্তি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংস হওয়া বিমানটির ছবি ছড়িয়ে পড়ে। সিএনএন স্যাটেলাইট ছবির সঙ্গে মিলিয়ে নিশ্চিত করেছে যে, হামলাটি সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতেই হয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, এ হামলায় অন্তত ১০ জন মার্কিন সেনাসদস্য আহত হলেও কেউ প্রাণ হারাননি।





