জিয়ার খালের মাটি কেটে মৎস্য চাষ! আওয়ামী লীগ নেতার ৬ মাসের জেল ও জরিমানা

পূর্ব ঘোষণা ছাড়াই বাঁশখালীতে এক আওয়ামী লীগ নেতার কারাদণ্ড ও জরিমানা হয়েছে। সোমবার (২৯ মার্চ) গভীর রাতে বাঁশখালী উপজেলার চেচুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক নিজ হাতে খনন করা আদর্শ গ্রাম খালের মাটি কেটে অবৈধভাবে মৎস্য চাষের অভিযোগে আওয়ামী লীগ নেতা শফিকুর রহমানকে এই শাস্তি দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর অধীনে ২ লক্ষ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। জানা গেছে, অভিযুক্ত নেতা খালের স্বাভাবিক গতিপথ বন্ধ করে এক্সক্যাভেটরের মাধ্যমে মাটি উত্তোলন করে এই অবৈধ মৎস্য প্রকল্প তৈরি করেছিলেন।
শফিকুর রহমান (৫০) বৈলছড়ী ইউপির ৮নং ওয়ার্ড, চেচুরিয়া এলাকার বাসিন্দা। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন।





