ইসরাইলের দাবি সত্য! ইরানি নৌ কমান্ডারের মৃত্যুতে যা বলল তেহরান

ইরানের নৌ কমান্ডার আলিরেজা তাংসিরি নিহতের বিষয়টি নিশ্চিত করেছে ইরান। ইসরাইলের পক্ষ থেকে তাকে হত্যার দাবির চারদিন পর আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানালো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গত সপ্তাহে হরমুজ প্রণালীতে একটি অভিযানের সময় তিনি গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয় বলে আইআরজিসি’র বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আইআরজিসি’র বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, তাংসিরি তার বাহিনী সংগঠিত করছিলেন এবং দ্বীপ ও উপকূলের প্রতিরক্ষা জোরদার করছিলেন। আঘাতের তীব্রতার কারণেই তার মৃত্যু হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, কমান্ডার তাংসিরির অনুপস্থিতিতেও আইআরজিসি নৌবাহিনী শত্রুদের উপর মারাত্মক আঘাত হানছে এবং হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে। শত্রুকে নির্মূল না করা পর্যন্ত তারা থামবে না বলেও অঙ্গীকার করেছে আইআরজিসি।
আলিরেজা তাংসিরি ছিলেন আইআরজিসি’র অন্যতম জ্যেষ্ঠ কমান্ডার এবং তিনি কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল তদারকির দায়িত্বে ছিলেন। সম্প্রতি তিনি বলেছিলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনকারীদের কোনো জাহাজের এই পথ দিয়ে যাওয়ার অধিকার নেই। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে তার কড়া অবস্থানের জন্য তিনি পরিচিত ছিলেন। ২০১৯ সালে এই প্রণালীর কাছে ইরান একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার পর যুক্তরাষ্ট্র তাংসিরিসহ অন্যান্য আইআরজিসি কমান্ডারদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।





