জাতীয়

হামের টিকা আসছে এপ্রিলে! শিশুর মৃত্যুতে তোলপাড়, সরকার ব্যবস্থা নিচ্ছে

সম্প্রতি দেশজুড়ে হামের (মিজেলস) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ায় দ্রুত প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থায় জোর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরিস্থিতি মোকাবেলায় সরকার ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) থেকে টিকা সংগ্রহ করছে। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই এই টিকা সরবরাহ শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, জরুরি ভিত্তিতে আইসিইউ চালু, ভেন্টিলেটর সরবরাহ এবং বিশেষায়িত ওয়ার্ড প্রস্তুত করার মাধ্যমে কাজ চলছে। মহাখালীতে একটি শিশুর মৃত্যুর পর বন্ধ থাকা আইসিইউ ইউনিট মাত্র ১৮ ঘণ্টার মধ্যে চালু করা হয়েছে। রাজধানীসহ বিভিন্ন স্থানে শিশুদের জন্য আলাদা ওয়ার্ড, আইসোলেশন সুবিধা ও ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। মানিকগঞ্জ ও রাজশাহীতেও নতুন ভেন্টিলেটর পাঠানো হয়েছে এবং আরও ২০টি ভেন্টিলেটর সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, গত এক দশকে নিয়মিত টিকাদান কার্যক্রম থাকলেও ২০১৮ সালের পর বড় কোনো হামের টিকা ক্যাম্পেইন না হওয়ায় কিছু শিশু টিকার আওতার বাইরে রয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং টিকা ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন করে ইউনিসেফকে অর্থ পরিশোধ করা হয়েছে। তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানান।

স্বাস্থ্য সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, ইউনিসেফকে টিকার পেমেন্ট ইতিমধ্যে করা হয়েছে। পারচেস কমিটির অনুমোদন পেলে দ্রুতই টিকা চলে আসবে এবং আশা করা যাচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে দেশব্যাপী টিকাদান কার্যক্রম জোরদার করা হবে। টিকা কমিটি ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের অগ্রাধিকার দিয়ে বিশেষ টিকাদান কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button