জামালপুরে একদিনে ছয় নারী-শিশু ধর্ষণের শিকার! চাঞ্চল্য এলাকায়

ভয়াবহ এক ঘটনা ঘটেছে জামালপুরে, যেখানে গত একদিনে দুই শিশুসহ মোট ছয়জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার বিকেল থেকে গতকাল রোববার বিকেল পর্যন্ত এই পাশবিক ঘটনাগুলো ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাসুদুর রহমানের (৪৫) বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, শিশুটির স্বজনরা বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী মাসুদুর রহমান ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেন। শিশুটি বাড়িতে ফিরে তার মাকে ঘটনাটি জানায় এবং রাতেই মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুদুর রহমান পলাতক।
একইদিনে জেলার ইসলামপুর ও মেলান্দহ উপজেলা সহ জামালপুর পৌরসভা ও সদর উপজেলায় আরও পাঁচজন নারী-শিশু একইভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে চার বছরের এক শিশু, ২৯ বছর বয়সী এক নারী, ১৭ বছরের এক কিশোরী, ২১ বছরের এক নারী এবং ৪০ বছর বয়সী এক নারী রয়েছেন।
এই ঘটনা সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে। এলাকাবাসী অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। জামালপুর সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম জানিয়েছেন, ভুক্তভোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আইনি প্রক্রিয়ার জন্য আলামত সংগ্রহের কাজ চলছে।





