২০ হাজার ডলারের ড্রোন দিয়ে যা ধ্বংস করল ইরান! বিশ্বজুড়ে তোলপাড়

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক অভাবনীয় দাবি করেছে। তারা জানিয়েছে, মাত্র ২০ হাজার ডলার মূল্যের একটি শাহেদ-১৩৬ ড্রোন ব্যবহার করে তারা ৭০ কোটি ডলারের একটি মার্কিন বোয়িং ই-৩ সেন্ট্রি নজরদারি বিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে। গত শুক্রবার সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে চালানো সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এই বিমানটি ধ্বংস হয় বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলেও জানা গেছে।
আইআরজিসি এক বিবৃতিতে জানায়, মার্কিন সেনাবাহিনীর কর্মকাণ্ডের জবাবে এই অভিযান চালানো হয়। তাদের অ্যারোস্পেস ফোর্স যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানের মাধ্যমে এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (এডব্লিউএসিএস) নামে পরিচিত এই নজরদারি বিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। তাদের আরও দাবি, সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছিল এবং এই ঘটনায় কেবল ই-৩ সেন্ট্রি বিমানটিই নয়, এর আশপাশের অন্যান্য বিমানও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিতে বোয়িং ই-৩ সেন্ট্রি বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে। বিমানটি ওকলাহোমা সিটির টিঙ্কার এয়ার ফোর্স বেস থেকে সেখানে মোতায়েন করা হয়েছিল। আইআরজিসি জানিয়েছে, ই-৩ সেন্ট্রি বিমানটি তাদের আসন্ন বিমান হামলা এড়ানোর চেষ্টা করছিল, এমন সময় শাহেদ-১৩৬ ড্রোনটি সেটিকে আঘাত করে। ফুটেজে দেখা গেছে, বিমানটির লেজের কাছে, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যয়বহুল এএন/এপিওয়াই-২ রাডার থাকে, সেখানে আঘাত হানা হয়েছে।
এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এত স্বল্প ব্যয়ে একটি অত্যন্ত ব্যয়বহুল সামরিক বিমান ধ্বংসের এই ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।





