মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির, নির্বাচন কমিশন নিয়ে বড় শঙ্কা!

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দেশের পাঁচটি সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে প্রার্থী মনোনীত করেছে এনসিপি। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মনোনয়ন দেওয়া হয়েছে দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে। এছাড়া কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রার্থী করা হয়েছে এনসিপির জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামকে। সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে এনসিপির মনোনীত প্রার্থী দলটির সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবদুর রহমান আফজাল। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে দলটির মনোনয়ন পেয়েছেন মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী।
এদিকে, নাম ঘোষণার পাশাপাশি বর্তমান নির্বাচন কমিশন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে কি না, তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে।





