স্বপ্ন পূরণ! থাইল্যান্ডে ইতিহাস গড়ে দেশে ফিরল টাইগার আর্চাররা, বিমান বন্দরে উষ্ণ সংবর্ধনা!

এশিয়া আর্চারি টুর্নামেন্টের (স্টেজ-১) কম্পাউন্ড বিভাগে প্রথমবারের মতো স্বর্ণপদক জয় করে ইতিহাস গড়ল বাংলাদেশ পুরুষ আর্চারি দল। থাইল্যান্ডে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে ভিয়েতনামকে হারিয়ে এই ঐতিহাসিক সাফল্য ছিনিয়ে এনেছে বাংলাদেশের লাল-সবুজ জার্সিধারীরা। আজ দুপুরে দেশে ফিরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বর্ণাঢ্য সংবর্ধনায় সিক্ত হয় স্বর্ণজয়ী এই দলটি। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের পক্ষ থেকে তাদের বরণ করে নেওয়া হয়। বিমানবন্দরে উপস্থিত যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম এবং এশিয়া আর্চারির সভাপতি কাজী রাজীব উদ্দিন চপলসহ অন্যান্য কর্মকর্তারা ফুল দিয়ে আর্চারদের অভিনন্দন জানান। ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম এই অর্জনকে বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবময় উল্লেখ করে বলেন, ‘ভিয়েতনামের মতো শক্তিশালী দলকে হারিয়ে স্বর্ণ জয় আমাদের আর্চারির ইতিহাসে এক নতুন মাইলফলক। আমি বিশ্বাস করি, এই দলটি ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য এনে দেশের পতাকা বিশ্বমঞ্চে আরও গৌরবের সাথে উত্তোলন করবে।’





