সাইবার হামলা রুখতে বড় পদক্ষেপ! আর্থিক খাতে আসছে নতুন নিয়ম, যা জানলে চমকে যাবেন

দেশের আর্থিক খাতে সাইবার হামলা ও ঝুঁকি মোকাবিলায় যুগান্তকারী এক নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। “সাইবারসিকিউরিটি ফ্রেমওয়ার্ক, ভার্সন ১.০ (২০২৬)” শীর্ষক এই নতুন নীতিমালায় দেশের সব তফসিলি ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও পেমেন্ট সিস্টেম অপারেটরসহ আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ এর মধ্যে এটি কার্যকর করতে হবে।
বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে জানিয়েছে, অনলাইন সেবার ব্যাপক প্রসার এবং ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে আর্থিক খাতে সাইবার ঝুঁকিও বেড়েছে। হ্যাকিং, ফিশিং, ম্যালওয়্যার এবং তথ্য চুরির মতো ঘটনাগুলো বড় ধরনের আর্থিক ক্ষতি, সুনামহানি এবং সেবা ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি করছে। এই পরিস্থিতি মোকাবিলায় গ্রাহকের তথ্যের গোপনীয়তা, নিরাপত্তা এবং প্রযুক্তিগত স্থিতিশীলতা নিশ্চিত করতে শক্তিশালী সাইবার নিরাপত্তা কাঠামো গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।
নতুন এই ফ্রেমওয়ার্কে সাইবার নিরাপত্তা গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য সুরক্ষা, নেটওয়ার্ক নিরাপত্তা, অ্যাক্সেস নিয়ন্ত্রণ, সাইবার হুমকি পর্যবেক্ষণ, তৃতীয় পক্ষ ও আউটসোর্সিং ঝুঁকি ব্যবস্থাপনা, নিরীক্ষা ও প্রশিক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং সংবেদনশীল তথ্যের সুরক্ষা নিশ্চিত করা।





