মধ্যপ্রাচ্যে যা ঘটল! আমিরাতে ৭০ ব্রিটিশ নাগরিক আটকের পর তোলপাড়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ছবি ও ভিডিও ধারণের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ৭০ জন ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির কঠোর জাতীয় নিরাপত্তা আইনের আওতায় তাদের সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে।
আটক ব্যক্তিদের মধ্যে পর্যটক, প্রবাসী ও কেবিন ক্রুর সদস্য রয়েছেন। তাদের একটি কক্ষে গাদাগাদি করে রাখা হয়েছে এবং ঘুম, খাবার ও চিকিৎসা সুবিধা থেকেও বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। শুধু ছবি তোলা বা ভিডিও ধারণই নয়, কারও কাছ থেকে এমন ছবি গ্রহণ করাও অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে। আমিরাতের আইন অনুযায়ী, এমন কোনো ছবি তোলা বা প্রচার করা নিষিদ্ধ যা ‘জননিরাপত্তা ও স্থিতিশীলতা ব্যাহত করতে পারে।’
মানবাধিকার সংস্থা ‘দDubai Watch’-এর প্রতিষ্ঠাতা ডেভিড হেইগ জানান, তারা বর্তমানে আটজন ব্রিটিশ নাগরিকের পক্ষে কাজ করছেন। স্থানীয় আইনজীবীদের বরাতে তিনি বলেন, শুধু দুবাইতেই অন্তত ৩৫ জন ব্রিটিশ আটক রয়েছেন এবং আবুধাবিতেও একই সংখ্যক ব্যক্তি আটক থাকতে পারেন। আটকদের মধ্যে কয়েকজন জামিনে মুক্তি পেলেও তাদের পাসপোর্ট জব্দ করা হয়েছে, ফলে তারা দেশ ত্যাগ করতে পারছেন না। অনেকের কাজের ভিসার মেয়াদ শেষ হলে তারা কর্মসংস্থান ও বাসস্থান সংকটে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।





