ভূমধ্যসাগরে ১৮ জনের মৃত্যু, গ্রিসগামী যুবক অলৌকিকভাবে জীবিত!

উন্নত জীবনের আশায় অবৈধ পথে গ্রিস যাওয়ার সময় ভূমধ্যসাগরে মর্মান্তিক নৌকাডুবিতে ১৮ জনের প্রাণহানি ঘটেছে। তবে, কিশোরগঞ্জের অষ্টগ্রামের যুবক আবদুল কাদির অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন। বর্তমানে তিনি গ্রিসের একটি আশ্রয় কেন্দ্রে রয়েছেন এবং তার অবস্থা শঙ্কামুক্ত।
পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুল কাদির দেওঘর ইউনিয়নের পশ্চিম সাভিয়ানগর গ্রামের আবুল হোসেন ও আম্বিয়া দম্পতির সন্তান। দালাল তুষারের মাধ্যমে ২০ লাখ টাকায় গ্রিস যাওয়ার চুক্তি করেছিলেন তিনি। এর মধ্যে ১২ লাখ টাকা পরিশোধ করা হয়। প্রায় ছয় মাস আগে তাকে লিবিয়া নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ১৭ রমজান ‘ডাংকির ঘাটে’ নিয়ে আসা হয়। পরে ভূমধ্যসাগর হয়ে গ্রিসে যাওয়ার পথে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়।
রোববার সকালে ছেলের সঙ্গে ভিডিওকলে কথা বলার পর পরিবারের সদস্যরা আশ্বস্ত হয়েছেন। কাদিরের তিন বছরের একটি পুত্রসন্তান রয়েছে। এ ঘটনায় দেওঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেনও কাদিরের পরিবারের সঙ্গে কথা বলে তার জীবিত উদ্ধারের খবর নিশ্চিত করেছেন।





