৮ বছর ধরে শিশুদের যে টিকা দেওয়া হয়নি, যা ঘটল দেশে!

শিশুদের জন্য অত্যন্ত জরুরি হামের টিকা গত আট বছর ধরে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ার পর এই চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন তিনি। এই পরিস্থিতিতে নতুন করে হামের টিকা কিনতে প্রায় ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার।
আন্তর্জাতিক ওষুধ মেলা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, “মিজেলসের (হাম) রোগী অনেক বেড়েছে। আট বছর আগে মিজেলসের ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপর কোনো সরকার ভ্যাকসিন দেয়নি।” তিনি আরও জানান, “আমরা এর মধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছি। পারচেজ কমিটি পাস হয়েছে। ভ্যাকসিন আমরা যথাসময়ে কালেকশন করব এবং স্টার্ট করব।”
উল্লেখ্য, টিকা কর্মসূচির কারণে দেশে হামের প্রকোপ কমে এসেছিল। কিন্তু এ বছর তা নতুন করে বেড়েছে। চলতি বছরের ৪ জানুয়ারি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে হামের রোগী শনাক্ত হয় এবং ১০ জানুয়ারি ক্যাম্প এলাকায় সতর্কতা জারি করা হয়। এরপর রাজধানীর বস্তি এলাকায় হামের রোগী বাড়তে থাকে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে জায়গা না পেয়ে একাধিক শিশুর মৃত্যুর ঘটনার পর সরকার পাঁচটি ভেন্টিলেটর পেয়েছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, “আজকে আমরা সেগুলো কালেকশন করব। আগামীকাল (সোমবার) সকালে আমাদের সচিব রাজশাহী যাচ্ছেন, উনি চারটে নিয়ে যাবেন ওখানে; ওখানে দিয়ে আসবেন।” ওষুধ প্রস্তুতকারকরা কিছুদিনের মধ্যে আরও ১২টির বেশি ভেন্টিলেটর সরকারকে ‘সরবরাহ করবে’ বলেও তিনি জানান।





