নাফ নদীতে মাছ ধরতে গিয়ে যা ঘটল… রোহিঙ্গা কিশোরের পা উড়ে গেল!

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী এলাকায় নাফ নদীতে মাছ ধরতে গিয়ে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আব্দুল হাকিম (১৫) নামে এক রোহিঙ্গা কিশোরের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র মতে, উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহীমের ছেলে আব্দুল হাকিম দুপুরের দিকে নাফ নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরে তীরে ওঠার সময় সে আরাকান আর্মির পুঁতে রাখা একটি স্থলমাইনের ওপর পা ফেলে। মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আব্দুল হাকিম গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়।
বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদী থেকে মাছ ধরে পাড়ে উঠার সময় এই বিস্ফোরণ ঘটে। এতে কিশোরটির ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। তিনি আরও বলেন, মিয়ানমারের অভ্যন্তরে এমন স্থলমাইন পুঁতে রাখা রয়েছে যা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা বাধা দেওয়া সত্ত্বেও রোহিঙ্গারা চুরি করে নাফ নদীতে মাছ ধরতে যায় এবং প্রায়ই এরকম দুর্ঘটনার শিকার হয়।
সীমান্ত এলাকায় একের পর এক স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।





